
নিজস্ব প্রতিবেদক: “একসাথে, আরও শক্তিশালী-জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ফারজানুল ইসলাম। সভায় মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক, মেডিকেল অফিসার ডাঃ পুণম সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জলাতঙ্কের ভয়াবহতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কুকুরসহ অন্যান্য প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং যথাসময়ে প্রয়োজনীয় টিকা গ্রহণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বগুড়া জেলায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ১৫৫ জন। এ বিপুল সংখ্যক আক্রান্তের তথ্য জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা ও দ্রুত চিকিৎসাসেবার গুরুত্বকে আরও স্পষ্ট করে।
বিশ্ব জলাতঙ্ক দিবস প্রতি বছর ২৮ সেপ্টেম্বর পালিত হয়। দিবসটির উদ্দেশ্য জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এই প্রাণঘাতী রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।


