বগুড়া লাইভ - আপডেট

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের প্রতিবাদে ঢাকার কয়েকটি সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন মিরপুর বাংলা কলেজের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। একই সময়ে মতিঝিল ও আসাদগেটের আড়ং মোড়েও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা।

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা বলেন, ‘ফ্যাসিবাদের আমলেও নিয়োগ পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস হতো। এই সরকারের আমলেও তাই হচ্ছে। তাহলে চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে লাভটা হলো কী?’

তাঁরা আরও বলেন, আজকের ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।

আফজাল হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, ‘দূর-দূরান্ত থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসেছিলাম পরীক্ষা দিতে। এত কষ্ট করে পরীক্ষার হলে যাওয়ার পর শুনি পরীক্ষা স্থগিত। কারণ, প্রশ্ন ফাঁস হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে হাজার হাজার পরীক্ষার্থী এত কষ্ট করে পরীক্ষা দিতে আসলাম, এখন আমাদের এই ক্ষতিপূরণ দেবে কে? প্রশ্নফাঁসের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button