
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার কেন্দ্রীয় এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যমুনা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যমুনা এলাকায় বিজিবি মোতায়েন
এদিকে যমুনার নিরাপত্তা জোরদার করতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েনের পরপরই ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
অন্যদিকে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
আজ শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আন্দোলনকারীদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে যমুনা, কাকরাইল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



