
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪০ শিশু।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩৫৯ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
এদিকে, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



