
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মর্জিনা বেগম (৫২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মর্জিনা বেগমের স্বামী আব্দুস সামাদ মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। বড় ছেলে মুক্তার হোসেন বিদেশে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন পরিবারের সঙ্গে বাড়িতেই থাকেন।
শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন মর্জিনা বেগম। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে ছটফট করতে শুরু করলে ছেলে সানোয়ার হোসেন ও তার স্ত্রী বিষয়টি টের পান। পরে দ্রুত অটোরিকশাযোগে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।