ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপে রোনালদোকে নিয়ে সমালোচনার জন্য প্রস্তুত ছিল পর্তুগাল: ডিয়োগো ডালট

পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বকাপে সমালোচনা আসতে পারে, এমন পরিস্থিতির জন্য দল আগে থেকেই প্রস্তুত ছিল বলে জানিয়েছেন সতীর্থ দিওগো ডালট।

বিশ্বকাপের গ্রুপ ‘কে’র প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। পরে ইয়োয়ানে উইসার গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো।

পুরো ম্যাচে মাঠে থাকলেও রোনালদো নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। তার তিনটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ফলে বিশ্বকাপ ও ইউরোর মতো বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে তার গোলখরা দাঁড়িয়েছে টানা ১০ ম্যাচে।

রোনালদোর পাশে দাঁড়িয়ে ডালট বলেন, বড় টুর্নামেন্টে তাকে নিয়ে সমালোচনা আসবে, সেটি দল আগেই অনুমান করেছিল।

ডালট বলেন, “বিশ্বকাপে আসার আগে আমরা ড্রেসিংরুমে এ নিয়ে আলোচনা করেছি। এমন পরিস্থিতি আসবে, সেটা আমরা জানতাম এবং আমরা প্রস্তুত ছিলাম।”

তিনি আরও বলেন, “ক্রিশ্চিয়ানোর মতো একজন খেলোয়াড় দলে থাকলে স্বাভাবিকভাবেই সবাই একটু বেশি প্রস্তুত থাকে। আমরা জানতাম সমালোচনা আসবে, কঠিন সময় আসবে। অনেক সময় সমালোচনা ন্যায্য হবে না, আবার অনেক সময় বিষয়গুলো অতিরঞ্জিত হবে।”

বড় টুর্নামেন্টের সর্বশেষ ১০ ম্যাচে রোনালদো ৩৩টি শট নিয়েছেন। তবে গোল পাননি। পেনাল্টি বাদ দিলে বিশ্বকাপ ও ইউরোর মতো বড় আসরে টানা ১৩ ম্যাচে গোলহীন রয়েছেন তিনি।

পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার বিশ্বকাপে অভিষেককারী দল উজবেকিস্তানের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে।

তবে রোনালদোর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডালট বলেন, “ক্রিশ্চিয়ানো কীভাবে সমালোচনা সামলায়, সেটা সবাই জানে। জাতীয় দলের সঙ্গে তার ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।”

তিনি বলেন, “সে দলে যে আত্মবিশ্বাস দেয় এবং আমরা তাকে যে বিশ্বাস করি, তা সবসময় একই থাকবে। যতদিন সে জাতীয় দলের হয়ে খেলবে, সে নিজের সামর্থ্য দিয়ে প্রস্তুত থাকবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button