
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) আদমদীঘি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের খায়ের আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে নওগাঁ সদর উপজেলার নিউ সাজাপুর এলাকার হাসেম আলীর ছেলে আব্দুল খালেককে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”