
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার পর প্রথমে সাতটি ইউনিট রওনা হয়। তবে তীব্র যানজটে পড়ে ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৩৫ মিনিট সময় লাগে। পরে ধাপে ধাপে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পানির সংকট নিয়ন্ত্রণ কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে প্রথমে ১১টি ইউনিট যায়, পরে পরিস্থিতি সামাল দিতে আরও ৮টি ইউনিট যুক্ত হয়।



