সারাদেশ
প্রধান খবর

ঈদযাত্রায় ৭ দিনের নিষেধাজ্ঞা থাকবে যেসব যানবাহনে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদযাত্রার মূল সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জনস্বার্থ বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

ডিএমপি জানিয়েছে, ১৬ মার্চ থেকেই রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি শুরু হবে। যানজট এড়াতে সাধারণ যানবাহনকে কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, মিরপুর রোড-আমিনবাজার এবং ফুলবাড়িয়া-সদরঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের বাইরে বা সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানো–নামানো করতে দেওয়া হবে না। মহানগরের প্রবেশপথে কোনো ধরনের বাস পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা একই আসনের টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন সড়কে নামানোর বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। তারা বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।

যাত্রীদের জন্যও কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে ডিএমপি। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া যত্রতত্র বাসে না ওঠা এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অথবা টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারবেন।

ঈদের আনন্দ যেন কোনোভাবেই দুর্ঘটনায় বিষাদে রূপ না নেয়-সে জন্য নগরবাসী ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

সূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button