সারাদেশ
প্রধান খবর

মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এ সমন জারি করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার ওরফে রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, জ্বালানিমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে হাজির হতে সমন জারি করেছেন।

উল্লেখ্য, একই অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গত ৩০ মার্চ সিরাজগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button