ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি বিভাগের সেবা বন্ধ
হাতাহাতিতে উভয় পক্ষের কয়েকজন আহত; অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
জরুরি বিভাগের চিকিৎসকদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। চিকিৎসকরা তাকে চিকিৎসাপত্র লিখে দেন। তবে হাসপাতালে সরকারি ঔষধ সরবরাহ না থাকায় বাইরে থেকে ঔষধ কিনে আনতে বলা হয়।
এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার কয়েকজন সহপাঠী হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তারা অভিযোগ করেন, প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা হয়েছে তা বাইরে পাওয়া যাচ্ছে না।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: চ্যানেল ২৪



