সারাদেশ

লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩২০

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল কম।

দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন এবং মানুষের যাতায়াত কম। বৃষ্টির কারণে চেক পোস্টগুলোতে ছিল ঢিলেঢালা ভাব। তবে, বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে ৬৮টি গাড়ি ও ২০৮ জনকে।

সরকারি নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহণের। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে। রাজধানীর পাড়া-মহল্লার অধিকাংশ দোকানপাট বন্ধ। দু’একটি খাবারের দোকান খোলা থাকলেও সেখানে মানুষের উপস্থিতি একদমই কম। তবে, চলমান বিধিনিষেধে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষগুলো। পেটের দায়ে যেসব রিকশাচালক বেরিয়েছেন যাত্রী না পাওয়ায় শঙ্কিত তারাও।

আগের বিধিনিষেধে নিম্ন আয়ের মানুষেরা কিছুটা সহযোগিতা পেলেও চলমান বিধিনিষেধের মধ্যে তারা কিছুই পাননি বলে অভিযোগ তাদের।

কঠোর বিধিনিষেধ কার্যকরে রাজধানীজুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও অপ্রয়োজনে মানুষ এবং যানবাহন বের না হওয়ায় তাদের তেমন কোনও বেগ পেতে হয়নি।

বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button