বিজয়ের মাসে চলে গেলেন ৭১-এর লড়াকু সৈনিক

বিজয়ের মাসে চলে গেলেন মহান একাত্তরের রণাঙ্গণের লড়াকু সৈনিক সিরাজুল ইসলাম (৭৩) বীরপ্রতীক। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর জানাজার নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
সিরাজুল ইসলাম বীরপ্রতিক ১৯৭১ সালে সিলেট ল কলেজের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি ভারতে চলে যান। পরে মেঘালয়ের ইকো ওয়ান সেন্টারে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাকে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের বালাট সাবসেক্টরে পাঠানো হয়। সেখানকার বেরিগাঁওয়ে পাকিস্তানিদের একটি শক্ত ঘাঁটি ছিল। সিরাজুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকবার ওই বেরিগাঁও ও ষোলঘরে হিট অ্যান্ড রান পদ্ধতিতে অপারেশন পরিচালিত হয়। পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে সাহসিকতার সঙ্গে অপারেশনের জন্যে তিনি রাষ্ট্রীয়ভাবে ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এরআগে শুক্রবার দুপুর পৌনে ১২টায় সিলেট নগরীর সুবিদ বাজার বনকলাপাড়া নুরানী ৮/৪ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই বীরপ্রতীক।