অর্থ ও বানিজ্য
প্রধান খবর

আমন ধান ৩৫, সিদ্ধ চাল ৪৯ ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে কিনবে সরকার

২০২৬-২৭ অর্থবছরে তিন লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, কৃষক ধান বিক্রি করতে চাইলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে। এ ছাড়া পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। অন্যদিকে, ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

চালের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে। চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।

তিনি জানান, বর্তমানে দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল এবং তিন লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button