সারাদেশ

ঈদ করতে ট্রাকে করে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে অন্যান্য অঞ্চলের মতো রাজধানী ছাড়ছে উত্তরবঙ্গের মানুষ। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলের পাশাপাশি কম খরচে ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের এসব মানুষ।

রবিবার (১ মে) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে অন্য যানবাহনের পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাকে করে গ্রামে ফিরছে মানুষ। বাদ যায়নি নারী-শিশুরাও।

ঘরমুখো মানুষের চাপে অনেকে প্রচণ্ড রোদ আর রোজা থাকার কারণে ট্রাক, বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে গ্রামে ছুটছেন।

পরিবার নিয়ে ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকযাত্রী আলামিন জানান, ঢাকা থেকে পরিবার নিয়ে বগুড়া যাচ্ছি। বাসের তুলনায় ট্রাকে ভাড়া কমের কারণে পরিবারসহ ট্রাকে উঠেছি। কষ্ট হচ্ছে, তারপরও স্বজনদের সঙ্গে ঈদ করবো, এটাই আনন্দের।

এক ট্রাক যাত্রী বলেন, স্বল্প বেতনের চাকরি করি। বাসে সিট পাওয়া খুবই কঠিন। অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার অথবা মাইক্রোবাসে যাওয়ার সামর্থ্য নেই। তাই কম ভাড়ায় ট্রাকে করে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি পাবনা যাচ্ছি।

আরেক ট্রাকযাত্রী জানান, বাসে ভাড়া বেশি। তাই কষ্ট হলেও ট্রাকে করে বাড়ি ফিরছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button