প্রাইভেট কার খাদে পড়ে ৩ যুবক নিহত

দিনাজপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশের খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৩) এবং কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)।
এদের মধ্যে ইমন রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
জানা গেছে, রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাত মাইল বাঁক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।
বাকি দুই আহত যুবক মুন্সিপাড়ার তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার রওনাক নবী প্রিয়কে (২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
