সারাদেশে সড়ক দুর্ঘটনায় বগুড়াসহ ২৬ জনের প্রানহানি

বগুড়াসহ সারা দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬জন। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৪ জন। সবমিলিয়ে প্রায় অর্ধশত।
ঈদের আগে ও পরে কয়েক দিন সড়ক অনেকটা নিরাপদ থাকলেও শনিবার ভোর থেকে যেন শুরু হয়েছে মৃত্যুর মিছিল। বিকাল পর্যন্ত ৯ জেলায় প্রাণ হারাল ২৬ জন।
বগুড়ার কাহালুর দরগাহাটের কালিয়ারপুকুর এলাকায় পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মা-ছেলে ও মেয়ে নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুল্লা এলাকায় রাস্তা পার হচ্ছিল মা-ছেলে ও মেয়ে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মেয়ে নিহত হয়। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মা ও ছেলের।
মির্জাপুরে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন চার যাত্রী। আহত হয়েছেন বাসের আরো পাঁচ যাত্রী।
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীকে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থলেই নিহত নারীর গর্ভে থাকা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
গাজীপুরের পুবাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টায় পুবাইলের কলেজ গেট এলাকায় ট্রাকের চাপায় নিহত হন লেগুনার এক যাত্রী। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে শুকুন্দিরবাগ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হন এক যাত্রী।
এছাড়া চট্টগ্রাম, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারিতে সড়ক দুর্ঘটনায় আরো ৭ জনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০ দিনে কেবল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন। এরমধ্যে আজকেই ৯ জেলায় মারা গেছেন ২৬ জন। সেই হিসাবে প্রতিদিন মারা গেছেন ১০ জনেরও বেশি।
এসএ
