“ফ্রি ফায়ার’ গেমকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন

ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
নিহত সিজান আকন (১৭) উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকার বিল্লাল আকনের ছেলে। তিনি নড়িয়া বিহারী লাল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
মঙ্গলবার (২ আগস্ট) রাত ৯টায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদবরবাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার খেলছিল সিজান আকন, লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২)। এ সময় খেলা নিয়ে সিজান ও লাবিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিজানকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এদিকে আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
