সারাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস অফিসারের মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় অগ্নিনির্বাপণে অংশ নেওয়ার সময় গুরুতর দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই ঘটনায় মোট চারজন ফায়ার সার্ভিস সদস্য আহত হন। এর মধ্যে তিনজন ইতিমধ্যে মারা গেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ এবং ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ দেশের জন্য জীবন উৎসর্গ করলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম।

খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। কর্মজীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। পিতা খন্দকার মোজাম্মেল হক এবং মাতা দেলোয়ারা বেগম।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ মিশনে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন বীর সদস্য আত্মত্যাগ করেছেন। সেই গৌরবময় তালিকায় সর্বশেষ নাম যুক্ত হলো খন্দকার জান্নাতুল নাঈমের।

তথ্যসূত্র: ইনকিলাব

এই বিভাগের অন্য খবর

Back to top button