বগুড়া জেলা
প্রধান খবর

আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২, আহত ১

বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (সকাল সোয়া ৮টা) বগুড়া–নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকার বড় আখিড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা, হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা থেকে সিএনজি চালিত অটোরিক্সায় করে তিনজন যাত্রী নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশায় ঢাকা সড়কে বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা নিহত হন।

গুরুতর আহত মিজু আহমেদকে স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button