বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আমনের ফলনের শুরুতেই মিলছে প্রত্যাশার চেয়ে বেশি ধান

রিপন দাস, বগুড়া: উন্নত জাতের ধান চাষ, অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার সুফল পেতে শুরু করেছেন বগুড়ার কৃষকরা। চলতি আমন মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের শুরুতেই পাওয়া যাচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি ফলন। গত বছরের তুলনায় কোনো কোনো জমিতে বিঘাপ্রতি বেশি ধান পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

উত্তরাঞ্চলের অন্যতম খাদ্য উদ্বৃত্ত জেলা বগুড়ার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের সমারোহ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই। আবার কোথাও নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে কৃষকের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে আমন মৌসুমের শেষ পর্যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে বগুড়ায় প্রায় ১৩ লাখ ৭৬ হাজার ২৮৭ বিঘা জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে প্রায় ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৫০ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, এবার উন্নত জাতের ধান চাষ, সময়মতো বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার কারণে মৌসুমের শুরু থেকেই ভালো ফলনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের ধান চাষের ফলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমের বাকি সময়ে আবহাওয়া স্বাভাবিক থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ বলেন, আমন ধানের কাটা ও মাড়াই পুরোপুরি শেষ হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৭৫ জাতের ফলন বেশ ভালো হচ্ছে। এবার ভালো ফলনের পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন বলে আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা প্রত্যাশিত ফসল ঘরে তুলতে পারবেন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের কৃষক মো. রেজাউল করিম বলেন, গত বছরের তুলনায় এবার প্রতি বিঘা জমিতে বেশি ধান পাওয়া যাচ্ছে। উন্নত জাতের ধান চাষ এবং রোগবালাইয়ের প্রকোপ তুলনামূলক কম থাকায় ফলন নিয়ে তারা সন্তুষ্ট। তবে মৌসুমের বাকি সময়ে ঝড়, অতিবৃষ্টি কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ফলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

একই উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ এলাকার কৃষক মো. আশরাফ আলী বলেন, গত বছর প্রতি বিঘা জমিতে ১৮ থেকে ১৯ মণ ধান পাওয়া গেছে। এবারও প্রায় একই পরিমাণ ধান পেয়েছেন। তবে জমিতে পোকার আক্রমণ না থাকলে ফলন আরও বেশি হতো বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকটি ভালো জাতের ধান আসায় এবার কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। এভাবে ফলন অব্যাহত থাকলে কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু বগুড়ায় নয়, সারা দেশেই আমনের উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান চাষে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আধুনিক জাতের ধান দেশের আমন আবাদি জমির প্রায় ৫৮ দশমিক ৪৩ শতাংশ এলাকায় চাষ হচ্ছে। এসব জাতের সম্প্রসারণ ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি বিভাগের কর্মকর্তাদের তথ্যমতে, সারাদেশে এবার ৪ কোটি ২৮ লাখ বিঘা জমিতে আমন আবাদ থেকে মোট ৭২ কোটি ২২ লাখ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের ধারা অব্যাহত থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button