
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের ৭৮ কারাবন্দি ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের মধ্যে সাতজন নারী কারাবন্দি রয়েছেন। এছাড়া কারাগারে কর্মরত ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
নিবন্ধন প্রক্রিয়া কারাগার সূত্রে জানা গেছে। বগুড়া জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা বর্তমানে ১ হাজার ৯৭৫ জন। ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICP-V) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে থাকা ভোটাররা এবার জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কারাগারের অতিরিক্ত জেলা কর্মকর্তা নূরুল মুবীন জানান,
“কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সেন্ট্রাল মাইকের মাধ্যমে নিয়মিত ঘোষণা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডে গিয়ে কারাবন্দিদের সচেতন করা হয়। যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের তালিকাভুক্ত করে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রে ত্রুটি, জামিনপ্রাপ্তি এবং অন্য কারাগারে স্থানান্তরের কারণে ৭ জন কারাবন্দির নিবন্ধন হয়নি। এই কারণে মোট ৭৮ কারাবন্দি ভোট দেবেন।
সুশাসনের জন্য নাগরিক কমিটির বগুড়া জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন,
“এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাজা ভোগকারী কারাবন্দিরও মত প্রকাশের অধিকার রয়েছে। আমরা কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিষয়টি সাধুবাদ জানাই এবং আশা করি তাদের আরও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।”
ভোটগুলো পোস্টাল ব্যালটের মাধ্যমে গ্রহণ করা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে পাঠানো হবে।



