বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সরকারি কর্মচারী অপহরণ: সাবেক ছাত্রদল নেতাসহ চারজন কারাগারে

বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-

  • মাহমুদুল হাসান মোহন (গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ ইউ দাখিল মাদ্রাসার সভাপতি)
  • মেহেদী হাসান
  • রবিউল ইসলাম রকি
  • আশেকুল ইসলাম

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী আব্দুল হান্নান ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফিপান করছিলেন। এ সময় অভিযুক্তরা রেস্টুরেন্টে ঢুকে আব্দুল হান্নান ও ওই নারীকে তুলে নিয়ে যায়।

পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলা হয় এবং মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মানের ভয়ে আব্দুল হান্নান তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন। পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। এছাড়া ৩০০ টাকার স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়।

পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন অভিযুক্তরা। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানা-এ মামলা করেন ভুক্তভোগী।

মামলা দায়েরের পরপরই গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button