
বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জেলার সকল উপজেলা অধীনস্থ ইউনিয়ন শাখা এবং পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে গভীর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে দায়িত্ব নেওয়া ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিদায়ী কমিটির নেতারা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সন্ধান সরকার জানান, সংগঠনের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে বাস্তবতার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই ত্যাগী, যোগ্য ও মেধাবীদের নিয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বিদায়ী নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের মঙ্গল কামনা করেন।



