
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২-এর সিপিএসসি বগুড়া এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযানকালে সদর থানাধীন কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় অবস্থিত “মেসার্স শাহীন ট্রেডার্স” নামের মসলা কারখানায় ভেজাল জিরা মসলা তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৫ ও ২৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫৮ ধারায় কারখানার মালিক শাহীন আলম (৩২)-কে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শাহীন আলম কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মো. জাহিদুর রহমানের ছেলে।
র্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



