
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের প্রায় এক মাস পর কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিহত কজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মাজবাড়ী গ্রামের রহিম নামের এক ব্যক্তির ধানখেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিখোঁজ কজিবর রহমানের ছেলে পিন্টু মিয়া।
এ সময় কঙ্কালের পাশে পড়ে থাকা একটি লুঙ্গি ও ফুলহাতা শার্ট দেখে সেগুলো তাঁর বাবার বলে শনাক্ত করেন পিন্টু মিয়া। তবে কঙ্কালটির পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান জানান, কজিবর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় গত ২২ অক্টোবর তাঁর পুত্রবধূ রোজিনা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে কজিবরের কাছে মুঠোফোন না থাকায় জিডির তদন্তে তেমন অগ্রগতি হয়নি।
ওসি আরও জানান, উদ্ধার করা কঙ্কালটি রাসায়নিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর কঙ্কালটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



