
বগুড়া খ্রিষ্টীয় মণ্ডলী যথাযোগ্য মর্যাদায় রোববার দিনব্যাপী গোহাইল রোডস্থ উপাসনালয়ে ইস্টার সানডে পালন করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যিশুখ্রিষ্টের পুনরুত্থান বিষয়ে আলোচনা করেন পালক গিলবার্ট মৃধা।
তিনি বলেন, ইস্টার সানডে যিশুখ্রিষ্টের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। যিশুকে ক্রুশবিদ্ধ করার তৃতীয় দিনে, অর্থাৎ রোববার তিনি পুনরুত্থিত হন। প্রায় দুই হাজার বছর আগে বেথলেহেম-এ জন্ম নেওয়া যিশুখ্রিষ্ট ধনী-দরিদ্র সবার সঙ্গে একাত্ম হয়েছিলেন। মানবজাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আত্মত্যাগ করেন।
বগুড়া খ্রিষ্টীয় মণ্ডলীর সভাপতি বার্নাড তমাল মণ্ডল বলেন, ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গুড ফ্রাইডে-তে যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং মৃত্যুর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হন। এই দিনটি পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয়ের প্রতীক।
মণ্ডলীর সহ-সভাপতি রবার্ট রবিন মারান্ডী বলেন, পুনরুত্থান দিবস মানবজাতির জন্য আশা, শান্তি ও মুক্তির বার্তা বহন করে। যিশুখ্রিষ্টের শিক্ষা অনুসরণ করলে সমাজে ন্যায়, সত্য ও ভালোবাসা প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পালক প্রধান সৌরভ বিশ্বাস, সম্পাদক মাইকেল আশের বেসরা এবং পরিচারক টোনাম সরকার।
ধর্মীয় সংগীত ও প্রার্থনার মধ্য দিয়ে উপাসনালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।



