
পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার, প্রথমবারের মতো এ ধরনের মাদক জব্দের দাবি ডিবির।
বগুড়া শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
মঙ্গলবার বিকেলে শহরের রেড চিলি হোটেল-এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আইয়ুর আলী (৩৫)। তিনি চকরিয়া উপজেলার পূর্ব কেয়ারবিল এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে সড়কপথে এক ব্যক্তি আইস নিয়ে বগুড়ায় আসছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়।
বিকেল পৌনে ছয়টার দিকে সন্দেহভাজন আইয়ুর আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়জামার পকেট থেকে তিনটি প্লাস্টিকের কৌটায় রাখা দানাদার মাদক আইস উদ্ধার করা হয়।
ডিবির দাবি, বগুড়ায় প্রথমবারের মতো এ ধরনের মাদক উদ্ধার হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া আইয়ুর আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



