বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় শেরপুরে ২৫০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ার শেরপুর উপজেলা-এ ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘মেসার্স বিমল ট্রেডার্স’ থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তা সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বপন চন্দ্র মন্ডল লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি তেল মজুত করেছিলেন। বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল সংরক্ষণের অনুমতি থাকলেও তিনি প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে অতিরিক্ত ২ হাজার ৫০০ লিটার তেল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গোপনে মজুত রাখা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জব্দ করা তেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, বোরো মৌসুমে তেলের অভাবে তারা জমিতে সেচ দিতে পারছিলেন না। বাজারে সংকট দেখিয়ে ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন। প্রশাসনের এই অভিযানের ফলে ন্যায্যমূল্যে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button