
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ২০ এপ্রিল ২০২৬ সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান।
এদিন ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন তিনি। সকাল সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনভর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।



