
বগুড়ার গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৫০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে লেখাপড়ার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় পুলিশকে জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে রাতের খাবার শেষে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত সেখানে যান। ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় বাড়ির সদর দরজা খোলা অবস্থায় ছিল বলেও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “নিহতের মরদেহ শয়নকক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, “এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যার কারণও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, নিহত রীতা রানীর ছেলে বিশ্বজিৎ মজুমদার (২৫) বাদী হয়ে বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।