বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম আর ইসলাম স্বাধীন

নবগঠিত দেশের ১৫তম সিটি করপোরেশন বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম আর ইসলাম স্বাধীন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি সিটি করপোরেশন ভবনে প্রবেশ করেন বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে।

সকাল থেকেই সিটি করপোরেশন ভবনে রাজনৈতিক নেতাকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়। পরে একে একে ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন তারা।

পরে সিটি করপোরেশনের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সাবেক সংসদ সদস্য হেলালুজামান তালুকদার লালুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়ার প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সিটি করপোরেশনের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। তিনি বলেন, উন্নয়নের জন্য শুধু অর্থ নয়, প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ।

হাস্যরস করে তিনি বলেন, সাধারণত মানুষ ছাত্রজীবন শেষে চাকরিতে যোগদান করে, আর তিনি অবসরের বয়সে এসে নতুন দায়িত্ব গ্রহণ করলেন। একই সঙ্গে এই দায়িত্বকে জীবনের বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করে নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নতুন প্রশাসক বগুড়া শহরের সাতমাথা এলাকার যানজট, জলাবদ্ধতা, হকার সমস্যা এবং সড়কের পাশে ময়লার ভাগাড় নিয়েও কথা বলেন। তিনি জানান, এসব সমস্যা সমাধানে নতুনভাবে কাজ শুরু করা হবে।

পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ নিজের বাড়ি পরিষ্কার রাখলেও শহরকে নিজের সম্পদ মনে করে না। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। ইউরোপের উদাহরণ টেনে তিনি নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর আহ্বান জানান।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি কাজ ও প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান নবনিযুক্ত প্রশাসক।

সবশেষে পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব বগুড়া সিটি করপোরেশন গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এম আর ইসলাম স্বাধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button