বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ আটক দুই পুলিশের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জয়পুরহাট জেলা পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর (এসএএফ) সদস্য সাইদুর রহমান (৩২)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার তৈলকুন্ডি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপরজন চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বশিনাবাড়ি গ্রামের মো. ফারাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে ওই এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আব্দুল ওয়াহাব এর আগে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি বগুড়া শহরের একটি ভাড়া বাসায় অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় শনিবার রাতে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button