
বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে নারী ও শিশুসহ নানা বয়সের মুসল্লিরা অংশ নেন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গাবতলী ছাড়াও কাহালু ও ধুনট উপজেলা থেকেও কিছু মুসল্লি এই জামাতে অংশ নেন।
তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে নামাজ অনুষ্ঠিত হয়। এবারের জামাত খোলা মাঠে না হয়ে মসজিদের ভেতরে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্যমতে, আবহাওয়ার কারণে অনেকেই এবার জামাতে অংশ নিতে পারেননি।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় সূত্র জানায়, গাবতলীতে এটি ছিল চতুর্থবারের মতো আগাম ঈদ উদযাপন।
আয়োজকদের দাবি, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত-এই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্র: সময় নিউজ
