ধুনট উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার ধুনটে অটোভ্যান পুকুরে পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শুকুর আলী প্রামাণিক (৬০) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেন প্রামাণিকের ছেলে। দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ায় লোহার তৈরি বিভিন্ন মালামাল নিয়ে মরিচতলা এলাকার উদ্দেশে রওনা দেন শুকুর আলী। পথে নারায়ণপুর গ্রামের একটি সরু ও উঁচু সেতু পার হওয়ার সময় তিনি অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মালামালসহ অটোভ্যানটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে শুকুর আলীকে পুকুর থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি বেশ সরু হওয়ায় ভারী মালামাল বহনকারী যানবাহন চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল ও ভারসাম্য হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button