গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় গৃহবধূর গোসলের ছবি ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলীর চর গ্রামের বাসিন্দা রানা মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত ছহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রানা মিয়া দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধূর গোসলের সময়ের ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করেন। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “এক গৃহবধূর ব্যক্তিগত ছবি ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর স্বামী মামলা দায়ের করেছেন। সেই মামলার ভিত্তিতে রানা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিজিটাল তথ্য-উপাত্ত জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button