বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বগুড়ায় পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে ৯৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তুরাগ এলাকায় বসবাস করেন। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

একই দিন বিকেল পৌনে ৬টার দিকে শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি শেরপুর উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের জন্য যথাক্রমে শাজাহানপুর ও শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button