বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের বেলজিয়াম মাঠ এলাকায় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button