
বগুড়া সদর উপজেলার শেরে বাংলা নগর এলাকায় একটি চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চেম্বার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, শুধুমাত্র ডিএমএফ (Diploma in Medical Faculty) কোর্স সম্পন্ন করেই মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের কাছে চিকিৎসক হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন।
অভিযান চলাকালে চেম্বার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অভিযুক্তরা অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন তারা।
অভিযানে র্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।