বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানার মালিকের ১ বছরের কারাদণ্ড

বগুড়া মহানগরের নবাববাড়ী সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি হতে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি পাওয়া যায়। এসব পরিষ্কার না করেই একই টেবিলে ময়দা প্রস্তুত করা হচ্ছিল।

এ ছাড়া, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে ফুচকা তৈরি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মানার প্রমাণও পাওয়া গেছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানে উপস্থিত নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button