বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা, হাজারো ভক্তের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর অংশগ্রহণে নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী শিব মন্দিরে গিয়ে শেষ হয়। এতে নারী, পুরুষ, শিশু ও যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।

রথযাত্রাজুড়ে ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। রঙিন সাজে সজ্জিত রথ এবং ভক্তদের উচ্ছ্বাস নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রার বিভিন্ন স্থানে সাধারণ মানুষও দাঁড়িয়ে এ আয়োজন উপভোগ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।” শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। শোভাযাত্রার পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয় প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা।

আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button