বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইন্টার মেডিকেল ফুটবল ফাইনালে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত ইন্টার মেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) টিএমএসএস মেডিকেল কলেজ ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মধ্যকার ফাইনাল ম্যাচে একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় দলের সমর্থকদের একাংশ এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ঘটনার পর আয়োজক ও সংশ্লিষ্টরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লালমিয়া বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button