
নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা পরিষদের আওতায় শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে মোট ১২ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে প্রকল্প দুটির ড্রইং ও ডিজাইন প্রণয়নেরও প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৫ জুলাই জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সরকারি আদেশে বলা হয়েছে, শিবগঞ্জ ও মোকামতলা ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত কমিটির যাচাইকৃত প্রাক্কলনের ভিত্তিতে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটির জন্য বিশেষ বরাদ্দ হিসেবে মোট ১২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদের অনুকূলে এডিপি বিশেষ বরাদ্দ অর্থ ব্যবহারের নির্দেশিকা-২০২২ এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন, ড্রইং-ডিজাইন যাচাইসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের জন্য এখনও জায়গা চূড়ান্ত করা হয়নি। তবে সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হয়েছে এবং শিগগিরই স্থান নির্ধারণের তথ্য পাঠানো হবে।
এ বিষয়ে বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, দুই উপজেলার ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদনের চিঠি পাওয়া গেছে। তবে এখনো কাজ শুরু হয়নি। প্রকল্পের জন্য জায়গা নির্ধারণের পর ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফারহাদ আহমদের স্বাক্ষরিত আদেশে বগুড়া জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।