বগুড়া জেলা

বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সে হাসপাতাল পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ব্যবহার করে হাসপাতাল পরিচালনার অভিযোগে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্সের বিভিন্ন শর্ত লঙ্ঘন এবং প্রয়োজনীয় কাগজপত্রে একাধিক অসঙ্গতি পাওয়া যায়।

সোমবার বগুড়া শহরের ডা. শামিউল ডায়াবেটিক ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা যায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর ওয়েবসাইটে নিবন্ধিত চিকিৎসকের নামের সঙ্গে প্রতিষ্ঠানে সংরক্ষিত লাইসেন্সের ডুপ্লিকেট কপিতে উল্লেখ থাকা নামের অসঙ্গতি পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক দাবি করেন, এটি একটি করণিক ভুল।

এ ছাড়া লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রেও একাধিক ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সে হাসপাতাল পরিচালনা এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সব লাইসেন্স হালনাগাদ, চিকিৎসকের নামসংক্রান্ত দাবিকৃত করণিক ভুল সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্রের সব ধরনের অসঙ্গতি ও ত্রুটি নিরসনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button