বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় শুরু সাত দিনব্যাপী বৃক্ষমেলা

৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০০টিরও বেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। আগামী সাত দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

এবারের মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে ২০০টিরও বেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে গাছপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনেও বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ মেলায় গাছের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button