বগুড়া জেলা
প্রধান খবর

আদালতে হাজিরা দিতে এসে জাল নোটসহ গ্রেপ্তার, উদ্ধার ৪ লাখ ৫৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া আদালত চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মো. ছলিম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৭)।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম চেক জালিয়াতি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। তবে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৫৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আদালতে হাজিরা শেষে তিনি শহরের বিভিন্ন স্থানে এসব জাল নোট সরবরাহের পরিকল্পনা করেছিলেন।

জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জাল টাকার সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকা ও চেক জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ২০২৪ সালের মে মাসেও বগুড়ার কাহালু উপজেলায় জাল নোটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে। পাশাপাশি জাল নোট সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button