বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় র‌্যাবের অভিযানে ট্রাকসহ ৫টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর গরু চুরি মামলার তদন্তে বগুড়া ও নাটোরে পৃথক অভিযান; চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে সংঘটিত একটি গরু চুরির মামলার তদন্তে বগুড়া ও নাটোরে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১২ জুলাই রাণীনগর থানায় দায়ের করা একটি গরু চুরির মামলার তদন্তের সূত্র ধরে এসব অভিযান পরিচালনা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ জুলাই রাতে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের গোনা দীঘির পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. খোকন সরদার তার গোয়ালঘরে পাঁচটি গরু রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। পরে তিনি রাণীনগর থানায় মামলা করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) বগুড়া মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. রাব্বানী সাখিদারকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব-১২। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং ১ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়।

পরে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে বগুড়া র‌্যাব-১২ ও নাটোর র‌্যাব-৫-এর যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর গ্রামে অভিযান চালিয়ে আরও দুই আসামি শ্রী সুজিত হালদার (৪০) ও শ্রী সুচন্দন হালদারকে (২৩) গ্রেপ্তার করা হয়।

অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া পাঁচটি গরু।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button