বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র নিয়ে মহড়া, প্রার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে ধারালো ছোরা নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে এক প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই সমিতির কার্যালয়ের সামনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রনি (৪০), সদস্য লাইসেন্স নম্বর-৪৬৩, একটি বড় ধারালো ছোরা হাতে নিয়ে মহড়া দেন। এতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশের দাবি, ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যান। জনমনে ভীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় তার বড় স্ত্রীর শ্বশুরবাড়ি থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে বগুড়া সদর থানার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তের দেখানো স্থান থেকে এবং তার নিজ হাতে বের করে দেওয়া নির্বাচনের দিন ব্যবহৃত একটি লোহার তৈরি একপাশ ধারালো দেশীয় বড় ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ২৭ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ পারভেজ রনি বগুড়া শহরের নাটাইপাড়া কবরস্থান এলাকার মৃত ইলিয়াস মহুরীর ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার অন্যান্য দিকও তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button