বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ১,৪১৭ কোটি টাকা, উন্নয়ন ও প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এটি বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট। বাজেটে উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৩৯১ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। এর সঙ্গে ২৫ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা প্রারম্ভিক স্থিতি যোগ করে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।
রাজস্ব খাতে কর আদায় থেকে ৭৯ কোটি ৪০ লাখ টাকা, সরকারি অনুদান থেকে ৪ কোটি ৪৬ লাখ টাকা, অন্যান্য রাজস্ব থেকে ১০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা এবং পানি সরবরাহ খাত থেকে ৮০ লাখ ২০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন হিসাব (এডিপি) থেকে ৬১৬ কোটি ৫০ লাখ টাকা এবং বিভিন্ন প্রকল্প থেকে ৬৮০ কোটি টাকা আয়ের প্রাক্কলন করা হয়েছে। ফলে উন্নয়ন ও প্রকল্প খাতই বাজেটের সবচেয়ে বড় আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০৮ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।
ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপনে ৫২ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, শিক্ষা খাতে ১ কোটি ৫৪ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ১২ কোটি ৬১ লাখ টাকা, অন্যান্য ব্যয়ে ৩১ কোটি ১৮ লাখ টাকা এবং পানি শাখায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন হিসাব (এডিপি) খাতে ৬৩০ কোটি টাকা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৬৮০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। সব ব্যয় শেষে ৮ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৭৯৭ টাকা সমাপনী স্থিতি রাখা হয়েছে।
গত অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার কয়েক গুণ বেড়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ১৫৮ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৩৮৬ টাকা। পরে সংশোধিত বাজেটে তা কমে ১০২ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৬৯৯ টাকায় নেমে আসে।
২০২৬-২০২৭ অর্থবছরে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম, এডিপি এবং বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, জনস্বাস্থ্য, শিক্ষা এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন সিটি করপোরেশন হিসেবে নাগরিক সেবার পরিধি ও মানোন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক বাজেট অধিবেশনে অংশ নিয়ে মতামত দেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বগুড়া শহরে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।