
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই রাব্বী হাসান (১৮) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। তিনি পেশায় একটি কাঠের মিলে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সকালে সোহেল রানা তার শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বী হাসানকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার ছোট ভাই রাব্বী হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।